বগুড়ার ছাত্রলীগ কর্মী হত্যার ৩ আসামি ঢাকায় গ্রেপ্তার

বগুড়ার সাবেক ছাত্রলীগ কর্মী আরিফকে হত্যার পর ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলিগ জামাতের মুসল্লি সেজে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তিন আসামির আত্মগোপনের পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ। বগুড়া সদর থানা পুলিশ ঢাকার এন্টি টেররিজম ইউনিট ও গোয়েন্দা বিভাগের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার।

স্নিগ্ধ আখতার বলেন, গত মঙ্গলবার রাতে ঢাকার কাকরাইল মসজিদে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন বগুড়া শহরের নিশিন্দারা পূর্ব খাঁপাড়া এলাকার মিলু শেখের ছেলে সাকিব শেখ (১৯) ও সানমুন শেখ ওরফে সালমন (২৩) এবং একই এলাকার হাতেম আলীর ছেলে হিমেল শেখ (২৩)।

এর আগে গত ৫ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে শহরের সুলতানগঞ্জপাড়া এলাকায় বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর জহুরুল ইসলামের ছেলে সাবেক ছাত্রলীগ কর্মী আরিফকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ।

স্নিগ্ধ আখতার আরও জানান, আরিফের ভাগ্নে মুহিমের সঙ্গে বাকবিত-ার জের ধরে গত ৭ অক্টোবর সাকিবকে ছুরিকাঘাত করে আরিফ। এ ঘটনায় সাকিবের বাবার করা মামলায় সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠান করে। ১৮ দিন পর আরিফ জামিনে মুক্ত হলে সাকিব ও তার সঙ্গীরা তাকে হত্যার পরিকল্পনা করে। ৫ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে শহরের সুলতানগঞ্জ পাড়ার আরজু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে অপেক্ষা করতে থাকে। এ সময় আরিফ ঘটনাস্থলে পৌঁছলে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় সবাই।