ফখরুলের জামিন শুনানি গ্রহণ করেনি আদালত

মামলার এজাহারে নাম থাকার পরও গ্রেপ্তার না দেখানোয় ১০ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের ওপর শুনানি গ্রহণ করেনি আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী ও মো. শফিউদ্দিনের আলাদা আলাদা আদালতে আবেদনগুলো শুনানির জন্য উপস্থাপন হয়। কিন্তু বিচারক বলেন, তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার না দেখানো পর্যন্ত জামিনের আবেদন শুনানির এখতিয়ার এ আদালতের নেই। এ সময় আদালত এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেয়।

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ‘জামিন আবেদন করা ১০ মামলায় মির্জা ফখরুল এজাহারনামীয় আসমি হলেও তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখায়নি রাষ্ট্রপক্ষ। মামলাগুলোর মধ্যে পল্টন থানার সাত মামলা ও রমনা মডেল থানার তিন মামলা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের অভিযোগের মামলায় গত ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখিয়ে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। সে মামলায় সিএমএম কোর্ট এবং দায়রা আদালত জামিন নামঞ্জুর করেছে। এরপর আমরা হাইকোর্টে আবেদন করেছি। আমরা আশঙ্কা করছি, হাইকোর্ট তাকে জামিন দিলে রাষ্ট্রপক্ষ তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করতে পারে। যাতে আরও দীর্ঘদিন তাকে কারাগারে রাখা যায়। তাই আমরাই জামিনের আবেদন করেছিলাম। কিন্তু আদালত বলেছেন, এ পর্যায়ে শুনানি গ্রহণ ও আদেশ দেওয়ার এখতিয়ার নেই।’ এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে তারা হাইকোর্টে যাবেন বলেও জানান সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানায় করা মামলায় ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়।