প্রার্থিতা ফিরে পেয়ে নিজ নির্বাচনী এলাকায় এসেই সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মনোনয়নে সংসদ সদস্য প্রার্থী হয়ে পাবনা-২ আসনে ভোটের লড়াইয়ে নেমেছেন তিনি।
আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও গতকাল বুধবার দুপুরে ডলি সায়ন্তনী সুজানগর ও আমিনপুরের সাধারণ মানুষের কাছে আসেন। সুজানগর উপজেলা পরিষদ ফটকে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় স্থানীয়রা। পরে সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় নির্বাচনকে উৎসবমুখর ও সুষ্ঠু করতে পরস্পরকে সহযোগিতার অঙ্গীকার করেন তারা।
শাহীন বলেন, বাংলাদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল তৎপর। ভিন্ন দলের প্রার্থী হলেও ডলি সায়ন্তনীকে নির্বাচনের মাঠে সুশৃঙ্খল পরিবেশ উপহার দেওয়ার মধ্য দিয়ে একটি অবাধ নির্বাচনের চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে। নির্বাচনে নিজের দলের হয়ে তো অবশ্যই ভূমিকা রাখতে হবে, একই সঙ্গে ডলি সায়ন্তনী বা ভিন্ন দলের কোনো প্রার্থী যেকোনো ধরনের সহায়তা চাইলে আমরা তাকে সেটুকু দেওয়ার চেষ্টা করব।