বললেন রিশাদ

আবহাওয়া, ঠান্ডা এসব কিছুই মাথায় ছিল না

নিউজিল্যান্ড সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে লিংকনে আজ নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ২৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এদিন আগে ব্যাটিংয়ে নেমে ৩৩৪ রানের পুঁজি গড়ার পর প্রতিপক্ষকে তারা থামিয়ে দেয় ৩০৮ রানে।

গা গরমের ম্যাচ হলেও বাংলাদেশের হয়ে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। দলের সর্বোচ্চ স্কোরার তিনি। বিধ্বংসী মেজাজে করেন ৮৭ রান। ৪ ছক্কা ও ১১ চারে সাজানো তার ৫৪ বলের ইনিংস। পরে লেগ স্পিনে ৫২ রানের বিনিময়ে ৩ উইকেট নেন রিশাদ।

ম্যাচ শেষে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, ‘'প্রথমত, এখানে ঠাণ্ডা কন্ডিশন। আমরা এখানে এসে গত দুই-তিন মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। প্রস্তুতি ম্যাচ যখন শুরু করেছিলেন, আবহাওয়া ঠাণ্ডা এইসব মাথায় ছিল না। চেষ্টা করেছি মানিয়ে নেওয়ার জন্য। অনেকদিন পর সুযোগ পেয়েছি লম্বা সময় ধরে ব্যাটিং করার। চেষ্টা করেছি উইকেটে থেকে রান করার। ঠাণ্ডা কন্ডিশন, চেষ্টা করেছি যেকোনো সময় বোলিং করার জন্য প্রস্তুত থাকতে।’

আগামী ১৭ তারিখ শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিউইদের সঙ্গে মূল লড়াইয়ে নামার আগে এই জয় সফরকারীদের দেবে বাড়তি আত্মবিশ্বাস। সিরিজ নিয়ে বলেন, ‘কন্ডিশন একটু অস্বস্তির। তবে সবকিছু ঠিকই হয়েছে। ইনশাআল্লাহ, দল ভালো কিছু করবে।'