ছাত্রলীগের বিরুদ্ধে ঢাবি ছাত্র ইউনিয়নের চারজনকে মারধরের অভিযোগ 

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের মারধরে ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি, সম্পাদকসহ ৪ জন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু (২৭), সাধারণ সম্পাদক মাঈন আহমেদ (২৫), ঢাকা মহানগর সহসাধারাণ সম্পাদক তাজমির তাজওয়ার শুভ্র (২৬) ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য শাহরিয়ার শিহাব (২৩)।

আহতরা ও তাদের সংগঠনের নেতাকর্মীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিলে টিএসসি এলাকায় ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। সেদিনের ঘটনায় বেশ কয়েকজন আহত হন। আজ তাদের নেতাকর্মীরা টিএসসিতে বসে চা পান করছিলেন। এরপর যে যার মতো রিকশাযোগে চলে যাওয়ার সময় মেঘমল্লার বসু ও শুভ্রকে শাহবাগ এলাকায় পথরোধ করে মোটরসাইকেল আরোহী ঢাবি ছাত্রলীগের কয়েকজন ব্যাপক মারধর করে। আর মাঈন আহমেদকে টিএসসি এলাকাতে আর শিহাবকে ভিসি চত্ত্বর এলাকাতে একই কায়দায় মারধর করে। 

আহত অবস্থায় তারা প্রথমে পিজি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেলে আসেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মেঘমল্লারের বাম চোখে আঘাত রয়েছে। এছাড়া সবার শরীরেই নীলাফোলে যখম রয়েছে। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।