চার বছরেই দ্বিতীয় অর্থনৈতিক করিডোর হবে পায়রা বন্দর

তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা পরিবহনের পর এবার পায়রা বন্দরের ব্যবহার শুরু হয়েছে। মেঘনা গ্রুপের ‘এমভি মেঘনা হারমনি’ নামের একটি মাদার ভেসেল বন্দরটি ব্যবহার করে ওপিসি ক্লিংকার ও লাইমস্টোন নিয়ে এসেছে। এর মধ্য দিয়ে শুরু হয়েছে দেশীয় কোম্পানির বন্দর ব্যবহার । এর মাধ্যমে আগামী বছরে দেশের বৃহত্তম অর্থনৈতিক করিডোর হতে যাচ্ছে পায়রা বন্দর, এমনটি আশা সংশ্লিষ্টদের। 

জানা গেছে, প্রথমবার এমভি মেঘনা হারমনি নামের জাহাজটি ৪৩ হাজার ৭০০ মেট্রিক টন ওপিসি ক্লিংকার এবং ১০ হাজার ১০০ মেট্রিক টন লাইমস্টোন নিয়ে এসেছে। আউটারে ১৬ হাজার মেট্রিক টন কার্গো লাইটারেজ করার পর ৩৭ হাজার ৮০০ মেট্রিক কার্গো নিয়ে মাদার ভ্যাসেলটি বুধবার (১৩ ডিসেম্বর) মধ্য রাতে বন্দরের ইনার এ্যাংকোরেজে পৌঁছায়।

পায়রা বন্দর চেয়ারম্যান অ্যাডমিরাল গোলাম সাদেক বলেন, কয়লা পরিবহনের মধ্য দিয়ে পায়রা পোর্ট চালু হয়। প্রথমবার মেঘনা গ্রুপ মাদার ভেসেল নিয়ে এসেছে। তাদের মতো অন্য কোম্পানিগুলো এখানে আসুক। সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগের আশ্বাস পেয়েছি। তারা আমাদের বন্দরটি ব্যবহার করতে চেয়েছে। পায়রা দেশের দ্বিতীয় অর্থনৈতিক করিডোর হবে। 

পায়রা বন্দর ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান বলেন, ২০১৬ সালের ১৪ ডিসেম্বর থেকে ২০২৩ সাল পর্যন্ত দুই হাজার ২৯৫ টি জাহাজ বন্দরে এসেছে। এতে হাজার কোটি টাকা আয় হয়েছে সরকারের । দেশের সকল কোম্পানি পায়রা বন্দর ব্যবহারে সহমত পোষণ করেছে। আশা করছি আগামী চার বছরে পায়রা বন্দর দেশের দ্বিতীয় ইকোনমিক করিডোর হবে।