ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল), উদ্যোক্তাদের সংগঠন এন্টারপ্রেনার্স অর্গানাইজেশন (ইও) এবং ভিসার সঙ্গে গতকাল ১৩ ডিসেম্বর একটি কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড উদ্বোধন করেছে। ইও সদস্যদের অধিকতর নিরাপদ ও সহজতর পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই কার্ডের লক্ষ্য।
রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন্টারপ্রেনার্স অর্গানাইজেশনের প্রেসিডেন্ট মো. জিয়া উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইও মেম্বারশিপ চেয়ার ফাতিন হক, ফাইন্যান্স চেয়ার তানভীর খান ও কো-চেয়ার নাফিস খান; ইবিএল কম্যুনিকেশন্স ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিম, কার্ড বিভাগ প্রধান তাসনীম হোসেন, সিনিয়র ম্যানেজার সিফাত জাহানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাবৃন্দ।
মো. জিয়া উদ্দিন তার বক্তব্যে বলেন, সম্মানিত সদস্যদের উন্নত আর্থিক ও একচেটিয়া সুবিধা প্রদানের লক্ষ্যে আমাদের এই পার্টনারশীপ একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও উন্নত এবং একটি সমৃদ্ধ আর্থিক ভবিষ্যৎ গঠনে সক্ষম হবো।
সদ্য চালুকৃত ক্রেডিট কার্ডটির দুটি ভ্যারিয়েন্ট অফার করা হচ্ছে: প্লাটিনাম এবং সিগনেচার। কার্ডধারীদের জন্য বিভিন্ন সুবিধা রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্রগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌজন্যমূলক ইবিএল স্কাই লাউঞ্জ সেবা।
এছাড়াও, এই কার্ডটির জন্য কোন ইস্যু ফি নেয়া হবে না এবং প্রায়োরিটি পাসের ক্ষেত্রেও একই সুবিধা পাবেন গ্রাহকরা। প্রায়োরিটি প্লাস ব্যবহার করে কার্ডধারীরা সারাবিশ্বের ১২০টির অধিক দেশে ১১শ’র বেশি বিমানবন্দর লাউঞ্জ ব্যবহার করতে পারবেন। বাংলাদেশের বিভিন্ন লাইফস্টাইল, শপিং এবং ডাইনিং আউটলেটে ডিসকাউন্ট সুবিধাও পাবেন গ্রাহকরা।