পরিবারের পছন্দে বিয়ে করছেন প্রেমিক, এসিড হামলা করালেন তরুণী

বিয়েতে নারাজ প্রেমিক (২২)। উল্টো পরিবারের পছন্দ করা পাত্রীর সঙ্গে বিয়েতে রাজি হয়েছেন। সেই রাগে তার ওপর এসিড ছুড়ে মারার অভিযোগ তরুণীর বিরুদ্ধে (২৪)। এতে যুবকের শরীরের কিছু অংশ ঝলসে গেছে। গুরুতর জখম অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।

ঘটনাটি ভারতের বিহারের বৈশালীর। অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যিনি এসিড ছুড়েছেন তাকে এখনও খুঁজে পায়নি পুলিশ।

জিজ্ঞাসাবাদে তরুণী জানান, প্রেমিক তাকে বিয়ে করতে রাজি হয়নি। উল্টো পরিবারের পছন্দ করা অন্য মেয়েকে বিয়ে করছেন। এরপরই তিনি প্রেমিককে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন।

ভুক্তভোগী জানিয়েছেন, তিনি গাড়িচালক। পাঁচ মাস আগে ওই তরুণীর সঙ্গে তার আলাপ। তরুণী বিবাহিত। কিন্তু বর্তমানে স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়িতে থাকছেন। সম্প্রতি তরুণকে বিয়ে করার কথা বলেন। এদিকে তার পরিবার আগে থেকেই অন্য জায়গায় তার বিয়ে ঠিক করে ফেলেন। এরপর থেকেই রাগে ফুঁসছিলেন তরুণী।

অভিযোগ, ঘটনার দিন প্রেমিককে ফোন করে দেখা করতে বলেন তরুণী। দেখা করার পর তরুণী প্রশ্ন করেন, ‘আমাকে বিয়ে করবে না তো?’ উত্তরে প্রেমিক কিছু বলেননি। সেখান থেকে ফেরার পথে এসিড ছোড়া হয় তাকে। একজন অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। 

বৈশালি জেলার পুলিশ সুপার রবি রঞ্জন কুমার বলেন, অভিযোগকারীর বয়ান অনুযায়ী, হামলাকারীকে তিনি চিনতে পারেননি। তবে তিনি সন্দেহ করছেন এ ঘটনায় তার প্রেমিকা জড়িত। অভিযোগ পেয়েই ওই তরুণীকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ওই তরুণী নিজের দোষ স্বীকার করেন। তবে আততায়ীর খোঁজ এখনও মেলেনি।