বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, ‘একদলীয় নির্বাচন করার জন্য সরকার গণতন্ত্র হত্যা করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। একতরফা নির্বাচন আয়োজনের জন্য রাতেও আদালত বসিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাজা দেয়া হচ্ছে। যেসব মামলায় সাজা দেয়া হচ্ছে এইসব মামলা মিথ্যা-বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে।’
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জামায়াতের আমীর দেশের বুদ্ধিজীবিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জীবনকে সত্যের সাক্ষ্য বানাতে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। যারা বাংলাদেশে স্বাধীনতার ইতিহাসে জায়গা করে নিয়েছেন, যারা চিন্তা চেতনা বুদ্ধি ও ত্যাগ-কোরবানীর বিনিময়ে দেশের সার্বিক কল্যাণের জন্য ভূমিকা রেখেছিলেন তাদের সবার জন্যই দোয়া করছি। আল্লাহ তায়ালা যেন তাদেরকে পুরস্কৃত করেন।’
দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ।