আদালতে আগুন লাগালেন কর্মচারী!

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর। গঙ্গারামপুর মহকুমা আদালতে পুরোদমে মামলার শুনানি চলছে। বিচারক রয়েছেন, আছেন বাদী-বিবাদী পক্ষের আইনজীবীরা। হঠাৎ কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় কোর্ট রুম। তখনও কেউ বিষয়টি ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি। হুলস্থুল পড়ে যায় চারিদিকে।

আদালতে আগুন লেগেছে বুঝতে পেরে সবাই শুনানি কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে শুরু করে। ততক্ষণে আগুন আরও বাড়ছিল। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। যদিও তারা পৌঁছানোর আগেই আদালতের কর্মীরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে।

স্থানীয় সূত্র জানায়, আদালতে আগুন লাগার কারণ জেনে বিস্মিত হয়েছেন সবাই। আদালতের এক পরিচ্ছন্নকর্মী ছাদে ওঠে ময়লা জড়ো করে আগুন ধরিয়েছিলেন। সেই আগুনের ধোঁয়াতেই এত হুলস্থুল। তবে ইচ্ছাকৃতভাবে এমন করেননি ওই পরিচ্ছন্নকর্মী। নিচে যে পুরোদমে কাজ চলছিল সে বিষয়ে খেয়াল ছিল না তার।

গঙ্গারামপুর মহকুমা আদালতে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রঞ্জন মিত্র বলেন,  আমাদের জানিয়ে কাজটি করলে আদালতে থাকা কর্মীসহ স্থানীয় লোকজনদের মধ্যে আতঙ্ক ছড়াত না।