রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘ইউক্রেনে যা ঘটছে তা একটি বিশাল ট্র্যাজেডি, দুই ভাইয়ের মধ্যে গৃহযুদ্ধের মতো।’ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বছরের শেষ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
পুতিন বলেন, ‘ইউক্রেন সংঘাত কীভাবে শুরু হয়েছিল তা ভুলে যাওয়া উচিত নয়। এটি ২০১৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে শুরু হয়। ইউক্রেনের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের জন্য কয়েক দশক ধরে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। এমনকি অভ্যুত্থানের পরেও আমি এ বিষয়ে জোর দিতে চাই।’
পুতিন আরও বলেন, ‘ইউক্রেনের প্রাক্তন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে দায়িত্ব গ্রহণ করতে দেওয়া হয়নি। তিনি নির্বাচনে জয়ী হন। কিন্তু তারা তৃতীয় দফার ঘোষণা দেয়। এটা অভ্যুত্থান ছাড়া আর কী?’
পুতিন জোর দিয়ে বলেন ইউক্রেনের সংবিধানে ‘তৃতীয় দফার কোনও বিধান নেই। এরপর পরবর্তী নির্বাচনে তিনি জয়ী হন। কিন্তু আমাদের তথাকথিত বিরোধীরা রাষ্ট্রীয় অভ্যুত্থান ঘটায়।’