এমএলএম কোম্পানি অনপেসিভে নিষেধাজ্ঞা

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছে এমএলএম কোম্পানি অনপেসিভ। তাই, অনপেসিভে বিনিয়োগ, লেনদেন ও প্রচারণার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাংলাদেশে বিভিন্ন পঞ্জি স্কিম বা মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতারণা করা হচ্ছে। সাধারণ মানুষের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে, যা কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি অনপেসিভ (www.onpassive.com) নামের একটি এমএলএম প্রতিষ্ঠান বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। অনপেসিভ পঞ্জি স্কিমে ইতিমধ্যে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী প্রতারণামূলক অপরাধ। এমন পরিস্থিতিতে এ কোম্পানিতে বিনিয়োগ, লেনদেন ও প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ ব্যাংক।