বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘আগামী নির্বাচনের ফলাফল ঢাকায় বসে নির্ধারণ করা হচ্ছে। আগামী ৭ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হবে না। ঢাকায় বসে আসন ভাগাভাগি করে যে ফলাফল নির্ধারণ করা হচ্ছে, ৭ জানুয়ারি তা শুধু ঘোষণা করা হবে। আজকে যেটা হচ্ছে সেটা নির্বাচন নয়, সেটা হচ্ছে বানরের পিঠা ভাগাভাগি। সেই কাজগুলো সরকার প্রকাশ্যে করছে। সরকার জাতিকে কলঙ্কিত করেছে।’ গতকাল বৃহস্পতিবার সকালে মিরপুর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর আগে ‘একতরফা’ নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাবেক এই মন্ত্রী বলেন, ‘আজকে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা সরকারের কাছে এই আবেদন করছি, আপনারা সংঘাতের পথ ছেড়ে দিন। এ দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তিতে থাকতে চায়, শান্তিপূর্ণ পথে আপনারা রাজনৈতিক অচলাবস্থার অবসানে সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা ক্ষমতা ছেড়ে দিন। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরে পেতে আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকব।’
তিনি বলেন, ‘আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে এসে যেখানে দাঁড়িয়েছি সেখানে আমরা একই ঘটনা দেখছি। আজকে দেশের মানুষের কথা বলার স্বাধীনতা নেই, এখানে মানুষের ভোটের অধিকার নেই, এখানে মানুষের গণতন্ত্র নেই, এখানে দলীয় শাসন কায়েম হয়েছে। এখানে নিজের ঘরে কোনো মানুষ থাকতে পারে না, এখানে ভিন্ন মতের কথা কেউ বলতে পারে না, এখানে একদলীয় বাকশালের কথা সবাইকে বলতে হবে।’