ভারতের পার্লামেন্ট ধোঁয়া-কাণ্ডে জড়িতরা রিমান্ডে, মূলহোতার আত্মসমর্পণ

ভারতের পার্লামেন্ট ভবনে ধোঁয়া-কাণ্ডের মূলপরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত ললিত ঝা গতকাল বৃহস্পতিবার দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। শুক্রবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে, ললিত ঝা ঘটনার পর থেকে লাপাত্তা ছিলেন। গতকাল তিনি পার্লামেন্ট ভবনের কাছেই কর্তব্যপথ পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করেন। ললিত বিহারের বাসিন্দা তবে কলকাতায় শিক্ষকতা করেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, ললিত নিজেকে ভারতের প্রবাদপ্রতিম স্বাধীনতাসংগ্রামী ভগৎ সিংয়ের ভক্ত ও তার আদর্শে অনুপ্রাণিত বলে দাবি করেছেন। ঘটনার সময় পার্লামেন্টের বাইরে দুই ধোঁয়া  নিক্ষেপকারীর ভিডিও ধারণ করে তা একটি এনজিওকে পাঠিয়েছিলেন ললিত। তারা এ ঘটনা যেন গণমাধ্যমে প্রকাশ পায় সেটাই পরিকল্পনা করেছিলেন। তবে কেন তাদের এই প্রচারণা সেটাই তদন্ত করছে পুলিশ।

ইতিমধ্যে ওই ঘটনায় জড়িত নীলম দেবি, অমোল শিন্দে, সাগর শর্মা ও মনোরঞ্জনকে আটক করে রিমান্ডে নিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে আপাতত পার্লামেন্ট ভবনের নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

গত বুধবার লোকসভার অধিবেশন চলাকালীন সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি নামের দুই যুবক চেম্বারে ঢুকে পড়েন। তারা হলুদ ধোঁয়া ছড়িয়ে সংসদ কক্ষে আতঙ্ক তৈরি করেন। কয়েক মিনিটের মধ্যেই তাদের ধরে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। একই সময়ে সংসদের বাইরে দাঁড়িয়ে হলুদ ধোঁয়া ছড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন নীলম এবং অমল শিন্ডে নামে আরও দুজন। তাদেরও গ্রেপ্তার করা হয়।