মার্শের আক্ষেপ, জামালের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ৪৮৭ রান

লাঞ্চ বিরতির পর প্রথম বলেই ড্রেসিং রুমের পথ ধরলেন মিচেল মার্শ। অল্পের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরতে হলো। এরপর বেশিক্ষণ টিকল না অস্ট্রেলিয়ার ইনিংস। এতে পাঁচশ রান করতে পারল না স্বাগতিকরা।

পার্থ টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে শেষ ৩ উইকেট দ্রুত তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে ৪৮৭ রানে থামিয়ে দিয়েছে পাকিস্তান।

৯০ রান নিয়ে প্রথম সেশনে শেষ করেন মার্শ। ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরির খুব কাছে ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত হতাশা সঙ্গী হয়েছে তারা। খুররাম শাহজাদের করা বলটি ড্রাইভ করেন মার্শ। বলের লাইনে যেতে পারেননি তিনি। ব্যাট-প্যাডের ফাঁক গলে বল ছোবল দেয় স্টাম্পে। ৯০ রানেই শেষ হয়ে যায় তার ইনিংস।

এরপর প্যাট কামিন্সকে ফিরিয়ে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট পূর্ণ করেন আমির জামাল। পাকিস্তানের চতুর্দশ বোলার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। দেশটির পেসারদের মধ্যে অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার তালিকায় নবম তিনি।

পরে নাথান লায়নকেও ফিরিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে দেন আমির জামাল। প্রথম ইনিংস শেষ করেন তিনি ১১১ রানে ৬ উইকেট নিয়ে।