৫৯ বছরের পুরনো কীর্তি স্পর্শ করলেন অভিষিক্ত জামাল

টেস্ট অভিষেকের দিন নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি আমির জামাল। তবে দ্বিতীয় দিন ঠিকই জ্বলে উঠলেন তিনি দারুণভাবে। ক্ষুরধার বোলিংয়ে কাড়লেন নজর। ৬ উইকেট তুলে নিয়ে ৫৯ বছর আগের কীর্তি স্পর্শ করলেন পাকিস্তানের এই পেসার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি পার্থ টেস্টের প্রথম ইনিংসে ১১১ রানে ৬ উইকেট নিয়ে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন জামাল। তার আগে টেস্ট অভিষেকে অস্ট্রেলিয়ায় ৫ উইকেট নেওয়ার কীর্তি ছিল পাকিস্তানের আর কেবল একজন বোলারের। ১৯৬৪ সালের ডিসেম্বরে মেলবোর্নে ৮৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন আরিফ বাট। জামালের মতো আরিফও ছিলেন পেস বোলিং অলরাউন্ডার।

সব দেশ মিলিয়ে সফরকারী বোলার হিসেবে অভিষেকে অস্ট্রেলিয়ায় ৬ উইকেট নেওয়ার কীর্তি আছে আর কেবল একজনের। ১৯৬৭ সালে অ্যাডিলেইডে ৬৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন ভারতের পেস বোলিং অলরাউন্ডার সৈয়দ আবিদ আলি।

টেস্ট অভিষেকে অস্ট্রেলিয়ায় ৫ উইকেট নেওয়ার কীর্তি আছে আর ৬ জন সফরকারী বোলারের। তারা সবাই ইংল্যান্ডের। সেই তালিকায় আছেন ইতিহাসের প্রথম টেস্ট খেলা আলফ্রে শ ও সর্বকালের সেরাদের একজন সিডনি বার্নস। এছাড়াও এই স্বাদ পেয়েছেন ববি পিল, কেন শাটলওর্থ, ফ্র্যাঙ্ক ফস্টার ও লেন ব্রাউন্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই পার্থ টেস্টের প্রথম দিনে প্রথম উইকেট পেতে পারতেন জামালই। তার বলে উসমান খাওয়াজার ক্যাচ ছাড়েন আব্দুল্লাহ শফিক। এরপর খুব একটা কার্যকর ছিলেন না তিনি। দ্বিতীয় নতুন বল নেওয়ার আগে বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেটের দেখা পান জামাল। ফিরিয়ে দেন ট্রাভিস হেড। দিনের সবচেয়ে বড় শিকারও ধরেন জামাল। অপ্রতিরোধ্য হয়ে ওঠা ডেভিড ওয়ার্নারকে থামান তিনি শর্ট বলে ছক্কার চেষ্টায় বাউন্ডারিতে ক্যাচ দেন ১৬৪ রান করা অস্ট্রেলিয়ান ওপেনার।

দ্বিতীয় দিনে শুক্রবার নিজের স্কিল দেখান জামাল। রাউন্ড দ্য উইকেটে করা অসাধারণ এক ডেলিভারিতে বাঁহাতি অ্যালেক্স কেয়ারিকে বোল্ড করে ৯০ রানের জুটি ভাঙেন এই পেসার। পরে মিচেল স্টার্কও জবাব পাননি জামালের আরেকটি দুর্দান্ত ডেলিভারির। লাঞ্চের পর প্রথম বলেই খুররাম শাহজাদ বোল্ড করে দেন ৯০ রান করা মিচেল মার্শকে। এরপর বাকি কাজ সারেন জামাল। তার বাড়তি বাউন্সে স্লিপে ধরা পড়েন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান অধিনায়ককে ফিরিয়ে অভিষেকে ৫ উইকেট পূর্ণ করেন ২৭ বছর বয়সী পেসার। এরপর জশ হেইজেলউডকেও আউট করে অস্ট্রেলিয়ান ইনিংস থামিয়ে নিজে ধরেন ষষ্ঠ শিকার।

পাকিস্তানের পেসারদের মধ্যে অভিষেকে সবশেষ ৫ উইকেট নিতে পেরেছিলেন তানভির আহমেদ। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবু ধাবিতে ১২০ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। পাকিস্তানের চতুর্দশ বোলার হিসেবে এই কীর্তি গড়েন জামাল। দেশটির পেসারদের মধ্যে অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার তালিকায় নবম তিনি।