স্বাধীনতা কাপ ২০২৩ | সেমিফাইনাল

মোজাফফরভের গোলে ফাইনালে মোহামেডান

গত মৌসুমে ফেডারেশন কাপ জয়ের পর এবার স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে উঠলো মোহামেডান। গোপালগঞ্জে শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে সেমিফাইনালে ১-০ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়েছে এক সময়ের ঐতিহ্যবাহী ক্লাবটি। ২০১৪ সালে সবশেষ স্বাধীনতা কাপের শিরোপা জেতার পর আবার সুযোগ এলো মোহামেযানের সামনে।

এদিন প্রধান কোচকে ছাড়াই মাঠে নেমে সমানতালেই লড়ে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে বেশ উপভোগ্য খেলাই হয়েছে। দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরও মরিয়া হয়ে যায় দুই দল। অবশেষে ম্যাচের ৭২ মিনিটে মোহামেডানকে এগিয়ে দেন উজবেক ফুটবলার মোজাফফরভ। বক্সের মাত্র কয়েকগজ সামনে রহমতগঞ্জের ডিফেন্ডার মোহামেডানের ফরোয়ার্ডকে অবৈধভাবে বাধা দেন। খুব কাছে থাকা রেফারি বিটুরাজ বড়ুয়ার চোখ এড়ায়নি। ফ্রি-কিকের নির্দেশ দেন। মোহামেডানের ফ্রি কিক স্পেশালিস্ট মোজাফফরভের গড়ানো শট ডিফেন্ডারদের পরাস্ত করে গোলরক্ষকও হার মানায়। গোপালগঞ্জে মোহামেডান সমর্থকদের উল্লাসে ভাসিয়ে কোয়ার্টারের পর সেমিতেও স্কোর করেন মোজাফফরভ।

গোল দেওয়ার পর আরও আগ্রাসী রূপ নেন মোহামেডান ফুটবলাররা। ৮০ মিনিটে গোলের সুযোগ মিস করায় ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি। রহমতগঞ্জের সমতা আনার চেষ্টাও বৃথা যায়। আগামী ১৮ ডিসেম্বর গোপালগঞ্জের এই মাঠেই স্বাধীনতা কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। দিনের অন্য সেমিতে কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ও আবাহনী লড়ছে মোহামেডানের প্রতিপক্ষ হওয়ার জন্য।