বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার বেন সিয়ার্স। কিউই অলরাউন্ডার কাইল জেমিসনের ইনজুরি সতর্কতায় তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাম পায়ের হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে অস্বস্তিতে আছেন জেমিসন।
কিউই কোচ গ্যারি স্টেড জানান, ‘জেমিসনকে নিয়ে আমরা সতর্ক অবস্থায় আছি। ঘরের মাঠে গ্রীষ্ম মৌসুমের শুরুর সময়ে তাই বাড়তি কোনো ঝুঁকি নিতে চাই না। এ জন্যই বেনকে দলে নেওয়া। দলের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা তার আছে।’
২৫ বছর বয়সী বেন সিয়ার্সের এখনো ওয়ানডেতে অভিষেক ঘটেনি। তবে কিউই জার্সিতে ৬টি টি-২০ খেলেছেন। ২৯টি লিস্ট এ ম্যাচে ৩৬টি উইকেট রয়েছে তার ঝুলিতে।