লোকালয়ে বাঘ, আতঙ্কে গ্রামবাসী

খুলনার কয়রা উপজেলার হড্ডা গ্রামে একই রাতে দুটি বাঘের পায়ের ছাপ দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার ভোরের দিকে কয়রা নদী পার হয়ে বাঘ দুটি ওই গ্রামে ঢুকেছিল বলে জানিয়েছে বন বিভাগ। এতে গ্রামবাসীর মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। 

স্থানীয়রা জানান, বানিয়াখালী ফরেস্ট স্টেশন থেকে ২০০ মিটার দূরে বেড়িবাঁধের রাস্তার ওপর বড় একটি বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসী। একটু দূরে ছোট আরও একটি বাঘের পায়ের ছাপ দেখা যায়। খবর পেয়ে বন বিভাগ, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি), কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) সদস্যসহ গ্রামবাসী লাঠিসোটা নিয়ে ওই এলাকায় তল্লাশি শুরু করে। 

স্থানীয় ইউপি সদস্য মহাশীস সরদার জানান, এখন শুষ্ক মৌসুম । তাই ভাটার সময় নদীতে পানি কমে যায়। এজন্য ভোরের দিকে কয়রা নদী পার হয়ে দুটি বাঘ হড্ডা গ্রামে ঢুকে পড়ে। বাঘ দুটি নদীর পাড়সহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছে।

সুন্দরবনের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে দুটি বাঘের অসংখ্য পায়ের তাজা ছাপ দেখতে পেয়েছি। আশপাশে তল্লাশিও করা হয়েছে। পরে বাঘ দুটি সুন্দরবনে ফিরে গেছে। আবার যাতে লোকালয়ে ফিরে আসনে না পারে সেজন্য নদীতে টহল জোরদার করা হয়েছে।