ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। এতে অংশ নেবে না বিএনপিপন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদ। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমীন ভূঁইয়া। তবে আওয়ামীপন্থী ও জামায়াতপন্থী শিক্ষকরা নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানা গেছে।
তিনি জানান, দেশের বিরাজমান পরিস্থিতির প্রতিবাদে ও কেন্দ্রীয় জিয়া পরিষদের পরামর্শের আলোকে আসন্ন ইবি শিক্ষক সমিতির নির্বাচন বর্জন করেছে জিয়া পরিষদ। এ ছাড়াও জিয়া পরিষদের সদস্যদের নির্বাচন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
গত ৫ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি নির্বাচন-২০২৩-এর তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে শিক্ষক সমিতির ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শুরু হবে বেলা ৩টায়।