ভালো খেলে ফাইনাল জিততে চান আরিফুলরা

আরও একবার ভারত-পাকিস্তান মহারণ। ফাইনালে লড়াই করবে এই দু দল। এমনটাই অনেকে অনুমান করে নিয়েছিলেন। কিন্তু তাতে জল ঢেলে দিয়েছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে তারা। সেমিফাইনালে যুবা টাইগাররা ভারতকে ও আমিরাতিরা পাকিস্তানকে হারিয়ে দিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত ফাইনালে ওঠায় অনেকেই বাংলাদেশকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন। তবে এমনটা মানতে নারাজ দলের মিডল অর্ডার ব্যাটসম্যান আরিফুল ইসলাম। প্রতিপক্ষকে সমীহ করে তিনি জানিয়েছেন ভালো খেলেই দলকে এশিয়ার সেরা করতে চান।

ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘ফাইনালে আমাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। ক্রিকেট খেলায় কাউকে ছোটো করে দেখছি না। কারণ ওরা শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়েছে। ওরা খুব ভালো ক্রিকেট খেলছে। আমার প্রত্যাশা ভালো ক্রিকেট খেলে ওদেরকে বিপক্ষে আমরা জয়লাভ করব।’

দলকে ফাইনালে নেওয়ার পথে অবদান রেখেছেন এই ব্যাটসম্যান। দ্রুত তিন উইকেট হারানোর পর দলের হাল ধরেন তিনি। খেলেছেন ৯৪ রানের দায়িত্বশীল একটি ইনিংস। ব্যাটিংয়ে নামার সময় কি পরিকল্পনা সাজিয়েছিলেন জানতে চাইলে বলেন, ‘একজন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে আমি সবসময় দলের চাওয়াটাকে প্রাধান্য দেই। যখন ব্যাট করতে নামি তখন দলের চাওয়া ছিল খেলাটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া। আমি সেটাই করতে গিয়ে সফল হয়েছি। ফিফটির দেখাও পেয়েছি, তাই ভালো লাগছে।’

তবে ভারতকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিতে সবচেয়ে বড় অবদান মারুফ মৃধার। তিনি বল হাতে ৪ উইকেট শিকার করে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। জানালেন বোলারদের দুর্বলতা ভিডিও দেখে খুঁজে বের করেই এই সফলতা পেয়েছেন।

ম্যাচ সেরা মারুফ মৃধা। ছবি: বিসিবি

বলেছেন, ‘আজকে সকাল থেকে আবহাওয়া অনেক ভালো ছিল। মাঠে অনেক বাতাস ছিল। সুইং পাচ্ছিলাম শুরুতে। একটা জায়গায় বল ফেলে ব্যাটসম্যানকে বিট করে ডট আদায় করার চেষ্টা করছিলাম। আগের দিন রাতে ভিডিওগুলো দেখছিলাম। ব্যাটসম্যানদের দুর্বল জায়গায় বল ফেলার চেষ্টা করছিলাম। তাতেই সফল হয়েছি। সেমিফাইনালে ম্যাচসেরা হয়ে খুব ভালো লাগছে, ফাইনালে আরও ভালো করার চেষ্টা করব।’