আওয়ামী লীগের প্রার্থী থাকলে নির্বাচন করব না: কাজী ফিরোজ 

আওয়ামী লীগের প্রার্থী থাকলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ। আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি দেশ রূপান্তরকে এ কথা জানান।

জাপা কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেন, আওয়ামী লীগ-জাতীয় পার্টি দীর্ঘদিনের মিত্র। যাদেরকে এতদিন বন্ধু হিসেবে মনে করেছি নির্বাচনের মাঠে হঠাৎ করে তাদের শত্রু বানাতে পারব না। আমার এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া নয়। আমি আমার দলের শীর্ষ নেতাদের আগেই জানিয়েছিলাম নৌকার প্রার্থী মাঠে থাকলে আমি নির্বাচনে অংশ নিতে চাই না।

কাজী ফিরোজ রশীদ ঢাকা-৬ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছিলেন, তিনি এই আসনের বর্তমান সংসদ সদস্য। সবশেষ নির্বাচনে তার আসনে আওয়ামী লীগ প্রার্থী দেয়নি। এবার তার আসনে আওয়ামী লীগের প্রার্থী সাঈদ খোকন।

নির্বাচনে না যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, আমার আসনে সবশেষ দু'বার জোট থেকে ছাড় দিয়েছিল ফলে আমি নির্বাচনে অংশ নেই এবং জোট সঙ্গী হিসেবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সম্মিলিত ভোট পেয়ে আমি নির্বাচনে জয়লাভ করেছিলাম। যারা আমাকে সংসদ সদস্য বানাল তাদের বিপক্ষে দাঁড়াতে চাই না মিত্রদের শত্রু বানাতে চাই না।

আওয়ামী লীগের প্রার্থী সাইদ খোকন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাবেক মেয়র মোহাম্মদ হানিফের সন্তান। আওয়ামী লীগের ভোট ও এই পরিবারের জনপ্রিয়তাকে ভয় পেয়েছেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, সাঈদ খোকন শক্ত প্রতিপক্ষ। আমি হারবো জেনে নির্বাচনে কেন যাবো। কারণ সাঈদ খোকন আওয়ামী লীগের প্রার্থী তার জনপ্রিয়তা রয়েছে আবার চলমান অবস্থায় নির্বাচনে অংশ নিলে যেকোনো সময় তার সমর্থকদের সঙ্গে আমার সমর্থকদের ঝামেলা ঘটতে পারে। ফলে আমি আওয়ামী লীগের প্রার্থী সাইদ খোকন মাঠে থাকলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

কাজী ফিরোজ রশীদ এরশাদের মন্ত্রিসভায় উপমন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি গোপালগঞ্জ-৩ আসনের সাবেক ও ঢাকা-৬ আসনের বর্তমান সংসদ সদস্য।