মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে শোভাযাত্রা করবে বিএনপি। এদিন দুপুর ১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হবে। ডিএমপি এরইমধ্যে শোভাযাত্রার মৌখিক অনুমতি দিয়েছে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি বলেছিলেন, ‘রাজধানীতে র্যালি করার কর্মসূচি পালনে আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা করছি নির্ধারিত সময়ের আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আমাদের অনুমতি দেবে।’
বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা করতে চেয়ে ডিএমপি কমিশনার বরাবর চিঠি দেয় বিএনপির প্রতিনিধি দল। ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।
যদিও দলের নেতারা জানিয়েছেন, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চলমান আন্দোলন সংগ্রামের মধ্যে বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান শহীদদের শ্রদ্ধা জানানোর বাইরে অন্য কোনো কর্মসূচি পালনের চিন্তাভাবনা বিএনপির ছিল না। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজয় মিছিল বের করার ঘোষণা দেওয়ায় বিএনপি ১৬ ডিসেম্বর শোভাযাত্রা করার পরিকল্পনা করে।