গাজীপুরের শ্রীপুরে দ্বাদশ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় দুই প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রুমানা আলী টুসি (সংরক্ষিত নারী সংসদ সদস্য) ও স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজ (বর্তমান সংসদ সদস্য)। তাদের কাছে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়ে পৃথক চিঠি দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার গাজীপুর-৩ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ জাকির হোসাইন দুটি চিঠিতে এই লিখিত ব্যাখ্যা চেয়েছেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ইকবাল হোসেন সবুজকে ১৭ ডিসেম্বর দুপুর ১২টায় নিজে বা তার মনোনীত একজন প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। একইভাবে বিকেল ৩টায় নিজে বা তার মনোনীত একজন প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে হবে রুমানা আলী টুসিকে।
দুই প্রার্থীর বিরুদ্ধেই অভিযোগ সময়ের আগেই নির্বাচনী প্রচার চালিয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে প্রচার ও নির্বাচনী সভা হয়েছে। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে।
দুই প্রার্থীর সমর্থকদের জরিমানা
এদিন সন্ধ্যায় আচরণবিধি লঙ্ঘনের কারণে দুই প্রার্থীর দুই সমর্থককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন। এর মধ্যে রুমানা আলী টুসির এক সমর্থককে ১০ হাজার টাকা, ইকবাল হোসেন সবুজের এক সমর্থককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।