নির্বাচনের আগে জঙ্গি নাটক মঞ্চস্থের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে না।’ গতকাল শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘ভারতকে সবকিছু উজাড় করে দিয়েছেন শেখ হাসিনা। এখন জোড়াতালির ডামি নির্বাচনের মাধ্যমে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পার্শ¦বর্তী দেশের পরিকল্পনায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী একটি জঙ্গি নাটক মঞ্চস্থ করার চেষ্টা করছে। এভাবে গণতান্ত্রিক বিশ্বকে বিভ্রান্ত করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ গণতান্ত্রিক বিশ্বের কাছে আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘আপনারা শেখ হাসিনা ও তার প্রভুদের প্রোপাগান্ডাকে বিশ্বাস না করে আওয়ামী লীগের একতরফা সাজানো ডামি নির্বাচন নিয়ে সোচ্চার হোন। এ দেশের জনগণের একান্ত চাওয়া গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসুন।’