বিজয়ের আনন্দ করুন তবে নির্বাচনের বিরুদ্ধে কথা নয়

১৮ ডিসেম্বরের পর কেউ যদি নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা না মেনে আইনলঙ্ঘন ও সহিংসতা করে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 'পুলিশ বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক কাজ করবে' জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে পালন করতে আমরা কাজ করে যাচ্ছি। নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে।

বিএনপির বিজয় র‌্যালি নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু বিজয়ের মাস, বিজয়ের দিন, এজন্য কাউকে আমরা মানা করছি না বিজয়ের আনন্দ প্রকাশ করতে। তবে নির্বাচনে বাধা, নির্বাচনের বিরুদ্ধে কোনো কথা বলা, প্রচার করা এগুলো থেকে তাদের বিরত থাকতে হবে।

তিনি বলেন, তাদের বলা হয়েছে একটি রোডম্যাপ তৈরি করে বিজয় র‌্যালি করার জন্য। সে অনুযায়ী আমাদের ডিএমপি কমিশনার তাদের অনুমতি দিয়েছেন। যাতে শান্তিপূর্ণ একটি র‌্যালি করা যায়। তারা স্থান উল্লেখ করেছেন এবং সেটি যেন অনুসরণ করেই তারা করেন।