শহরজুড়ে বোমাতঙ্ক। রক্তারক্তি। প্রাণসংশয়ে গোটা শহরে দৌড়াদৌড়ি। শুধুই আর্তনাদ আর আতঙ্ক! কী করে বাঁচাবে ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’? এমনই এক অ্যাকশন প্যাকড রোমহর্ষক সিরিজের গল্প নিয়ে হাজির হচ্ছেন রোহিত শেঠি।
শনিবার প্রকাশ্যে এল সিরিজটির ফার্স্ট লুক। হারহিম করা অ্যাকশন, রহস্য-রোমাঞ্চে ভরপুর। রোহিত শেঠির পুলিশি ব্রহ্মাণ্ডে এই প্রজেক্ট নয়া সংযোজন। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে রোহিতের এই নতুন কাজও যে সাড়া ফেলতে চলেছে তা টিজারেই আন্দাজ করা গেল।
রোহিত শেঠি মানেই ধুন্ধুমার অ্যাকশন, মারপিটের মারপ্যাঁচ। এবার ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর টিজারে ফের শোরগোল ফেলে দিলেন বলিউডের ‘অ্যাকশন মাস্টার’। এই সিরিজ দিয়েই ওটিটিতে পা রাখতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা। দাপুটে পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন তিনি। আর সেই ঝলকেই নজর কাড়লেন বিবেক ওবেরয়। এছাড়াও সিরিজের অন্যতম চমক শিল্পা শেঠি। ৭ পর্বের অ্যাকশন প্যাকড সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন রোহিত শেঠি এবং সুশান্ত প্রকাশ। ।
সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেট্টি, বিবেক ওবেরয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্বেতা তিওয়ারি, নিকিতিন ধীর, ঋতুরাজ সিং, মুকেশ ঋষি, ললিত পরিমো। ২০২৪ সালের ১৯ জানুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’।