মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। তারপর নতুন নির্বাচক কমিটি আসবে, নাকি পুরোনোতেই আস্থা রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই আলোচনা এখনও চলমান। হাবিবুল বাশাররা বাদ পড়লে কোন সাবেক তারকারা হাল ধরবেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছে।
জাতীয় দলের নির্বাচক প্যানেলে থাকতে হলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা কোনো সাবেক ক্রিকেটার হতে হবে, এমন আলোচনাও ছিল। তবে এরকম কোনো নিয়ম নেই বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিজয় দিবস কাপ টি-টোয়েন্টি ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন।
নির্বাচন প্যানেলে জায়গা পেতে হলে কী জাতীয় দলের খেলোয়াড় হতে হবে? এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, 'এই রকম আসলে কিছু নাই।
মিনহাজুল আবেদীন নান্নুরা এক দশকেরও বেশি সময় ধরে নির্বাচক প্যানেলে। ২০১৫ সাল থেকে তিনি প্রধান নির্বাচক। দীর্ঘদিন ধরে দায়িত্ব থাকা সাবেক এই অধিনায়ক নানা সময়ে হয়েছেন সমালোচিত।
বিসিবি প্রধান পরিবর্তনকে স্বাভাবিক প্রক্রিয়া মানলেও মিথ্যা অপবাদ দিতে নারাজ, 'পরিবর্তন হওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া। লম্বা সময় হয়েছে। সবসময়ই পরিবর্তন হওয়াটা ভালো। কিন্তু কাউকে একিউজ করে বাদ দেওয়া, মিথ্যা অপবাদ দিয়ে বাদ দেওয়া, এটা খুব খারাপ ঘটনা সৃষ্টি করবে।'
বিশ্বকাপ চলাকালে টাইগারদের ব্যর্থতার জন্য নির্বাচকদের সমালোচনা করা হয়। এ সময় গণমাধ্যমে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল নির্বাচক হওয়ার ইচ্ছে প্রকাশ করেন।
এ নিয়ে আজ পাপনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'আমাদের একটা কমিটি আছে, ওই কমিটি আমাদের কাছে নাম প্রস্তাব করবে। উনারা দেখবেন কারা কারা আগ্রহী প্লাস ওদের প্রেফারেন্স কী। সেটা নিয়ে বোর্ডে আলোচনা হবে। সেখান থেকে আমরা সিলেক্ট করব। আসলে কে কে হবে, কে আসবে, এই মুহূর্তে এটা বলা খুব কঠিন। তবে কারও যদি ইচ্ছা থাকে, তাহলে সে প্রকাশ করতে পারে। কোন সমস্যা নেই।'