সৌদি আরব চালু করতে চায় দ্বিতীয় আইপিএল

ক্রীড়াজগতে একটু একটু করে নিজেদের অবস্থান জাহির করার প্রক্রিয়ায় অনেকদূর এগিয়েছে সৌদি আরব। পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) এর মাধ্যমে ফুটবল, গলফ, বক্সিং, রেসিংসহ বিভিন্ন খেলায় বিনিয়োগ করেছে দেশটি। এবার তাদের পরিকল্পনা ভারতে দ্বিতীয় আইপিএল আয়োজন করার। ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন এ সংক্রান্ত এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

পরিকল্পনার অংশ হিসেবে বছরের সেপ্টেম্বর–অক্টোবর সময়ের দিকে টি-টেন সংস্করণে এই নতুন লিগ আয়োজন করতে চায় সৌদি আরব। ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) অনেক দিন ধরে আরেকটি ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা চালুর বিষয়ে ভাবছে। ভারতের অর্থবিষয়ক সংবাদমাধ্যম মানি কন্ট্রোল এ তথ্য জানায়। বিশ্বাসযোগ্য সূত্রের বরাতে আরও জানা গেছে বিসিসিআই সচিব জয় শাহ প্রস্তাবিত লিগটি নিয়ে অংশীদারদের সঙ্গে কাজ করছেন।

দুইয়ে দুইয়ে চার মেলে তখন, যখন জানা যায় ভারতের নতুন টি-টেন লিগের অংশীদার আর কেউ নয়, সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। প্রস্তাবিত লিগটি নিয়ে অংশীদারদের সঙ্গে গত মাসে বিশ্বকাপ চলাকালেই আলোচনা এগিয়ে নিয়েছে বিসিসিআই।

এর আগে গণমাধ্যমে প্রকাশ হয়েছিল, সৌদি সরকারের প্রতিনিধিদল আরব্য উপসাগরীয় অঞ্চলে নতুন লিগ আয়োজনের ব্যাপারে আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। গলফের মতো ক্রিকেটেও বিশাল অর্থায়নের আয়োজন করতে চায় দেশটি। পিআইএফ এর অর্থায়নে পেশাদার গলফের সবচেয়ে বড় টুর্নামেন্ট পিজিএ ট্যুরের প্রতিদ্বন্দ্বী হিসেবে এলআইভি গলফ ট্যুর চালু করেছে সৌদি আরব। বিশ্বে গলফের বাঁকবদল হয়ে গিয়েছে এই এক আয়োজনে।

তবে ক্রিকেটের ক্ষেত্রে বিসিসিআই আলাদা কিছু না করে বরং আইপিএলকে বর্ধনের কথা ভাবছে। আর তাতে প্রায় নিশ্চিতভাবেই পিআইএফ দিয়ে যুক্ত হতে যাচ্ছে সৌদি আরব। এমনটা হলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভিড়ে আন্তর্জাতিক ক্রিকেট বড় ধাক্কা খেতে পারে। এমনিতেই বিশ্বব্যাপী চলমান নানা লিগের কারণে বেশ ঝক্কি পোহাতে হচ্ছে আন্তর্জাতিক সূচীর বিশেষত দ্বিপাক্ষিক সিরিজগুলোকে। ২০২৭ থেকে বাড়ার কথা রয়েছে আইপিএলের ম্যাচের সংখ্যাও। এর সঙ্গে আরও একটি নতুন প্রতিযোগিতা যোগ হলে বিশ্বের অন্যান্য দেশগুলোর ক্রিকেট কাঠামোতেও এর ব্যাপক প্রভাব পড়বে।