কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তার মৃত্যুর খবর জানিয়েছে।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বলছে, রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, 'খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ আর আমাদের মধ্যে নেই। তার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি।’
এর আগে গত মাস অসুস্থ হলে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সৎভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ মারা যাওয়ার পর ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ গ্রহণ করেন শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ।
আমির হিসেবে দায়িত্ব গ্রহণের আগে কয়েক দশক ধরে কুয়েতের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। এর মধ্যে ১৯৯০ সালে তৎকালীন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েতে হামলা চালানোর সময় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন শেখ নাওয়াফ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর চ্যালেঞ্জ মোকাবিলা করেন।