রাজু ভাস্কর্যে মোড়ানো কালো কাপড় খুলে ফেলল ছাত্র ইউনিয়ন

রাজু ভাস্কর্যে মোড়ানো সেই কালো কাপড় খুলে ফেলেছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে ভাস্কর্যের ওপর থেকে কালো কাপড় খুলে ফেলতে দেখা যায়।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে লাগানো প্ল্যাকার্ড ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা ভেঙে ফেলে, এমন অভিযোগে ছাত্রলীগের একদল নেতাকর্মী রাজু ভাস্কর্যকে কালো কাপড় মুড়িয়ে দেয়। কালো কাপড় খোলার পর আনুষ্ঠানিকভাবে বিবৃতিও দিয়েছে সংগঠনটি।

ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক শাওন বিশ্বাস স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনের সভাপতি দীপক শীল ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহির শাহরিয়ার রেজার বরাতে বলা হয়, ‘গত বুধবার (১৩ ডিসেম্বর) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যকে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা কালো কাপড়ে ঢেকে দেয়। মূলত আগের দিন পাহাড়ে চার ছাত্রনেতা হত্যার প্রতিবাদে মশাল মিছিলে প্রগতিশীল ছাত্র সংগঠনের উপর ছাত্রলীগ হামলা করে। এই ঘটনা ধামাচাপা দিতে ছাত্র ইউনিয়নের উপর সন্ত্রাসী তকমা দিয়ে রাজু ভাস্কর্যকে কাল কাপড়ে ঢেকে দেয় এবং ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের দেখে নেয়ার হুশিয়ারি দেয়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আজ ১৬ ডিসেম্বর মহান বিজয়ের দিনে রাজু ভাস্কর্যকে মুড়িয়ে দেয়া কালো কাপড় খুলে আমরা ঘোষণা করছি শত শহীদের রক্তে গড়া ছাত্র ইউনিয়নের প্রত্যেক সদস্য বিজয় অর্জন না হওয়া পর্যন্ত শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্ত্রাস-মৌলবাদের বিরুদ্ধে লড়ে যাব।’