কার্যালয়ের তালা পুলিশ লাগিয়েছে, চাবি আমাদের কাছে নেই: টিপু

৫০ দিন পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেও কার্যালয়ে ঢুকতে পারেননি বিএনপির নেতাকর্মীরা ও কার্যালয়ের স্টাফরা। কার্যালয়ে ঢুকতে না পারার বিষয়ে কার্যালয়ের স্টাফরা আক্ষেপ করে শনিবার (১৬ ডিসেম্বর) দেশ রূপান্তরকে বলেন, ‘২৮ অক্টোবর পুলিশের হামলায় মহাসমাবেশ পণ্ড হওয়াতে এবং গ্রেপ্তার এড়াতে কার্যালয় ছেড়েছিলাম। বিজয় দিবসের র‌্যালি উপলক্ষ্যে কার্যালয়ে গেলেও চাবি না থাকায় কার্যালয়ে ঢুকতে পারিনি।’

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ হয়। কিন্তু পুলিশের হামলায় সে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এ ঘটনায় অতীত অভিজ্ঞতা থেকে গ্রেপ্তার এড়াতে দলের নেতাকর্মীদের পাশাপাশি কার্যালয় ছাড়েন কার্যালয়ের স্টাফরা। এরপর থেকে কার্যালয় ছিলো পুলিশের দখলে। 

গ্রেপ্তার এড়াতে নেতাকর্মীরা আর কার্যালয়মুখী হননি। তবে মহাসমাবেশের ৫০দিন পর আজ শনিবার বিজয় দিবস উপলক্ষ্যে দলটির পূর্ব ঘোষিত র‌্যালি ছিলো। র‌্যালিতে অংশ নিতে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হন। সেখানে খোলা ট্রাকে অস্থায়ী মঞ্চে র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান। সভাপতিত্ব করেন দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।  
 
বিজয় র‌্যালিতে অংশ নিতে কার্যালয়ের সামনে এসেছিলেন বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। কার্যালয়ে প্রবেশ করেছিলেন কি না জানতে চাইলে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘কার্যালয়ে পুলিশ তালা লাগিয়েছে। তালার চাবি আমাদের কাছে নেই। তাই কার্যালয়ে প্রবেশ করিনি। র‌্যালিতে যোগ দেওয়ার জন্য গিয়েছিলাম র‌্যালী শেষে আবার চলে এসেছি।’

এর আগে ৭ ডিসেম্বর ২০২২ কার্যালয়ে অভিযান চালিয়ে কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার করেছিল আইন-শৃঙ্খলা বাহিনী। অভিযান চলমান অবস্থায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে প্রবেশ করতে চেয়েছিলেন। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী ঢুকতে দেয়নি মির্জা ফখরুলকে। পরের দিন ৯ ডিসেম্বর সকালে আবারও কার্যালয়ে ঢুকতে চাইলে কাকরাইল নাইটিঙ্গেল মোড়ে বিএনপি মহাসচিবকে আটকে দেয় আইন-শৃঙ্খলা বাহিনী। এরপর কার্যালয় তালাবদ্ধ ছিলো। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিলো আইন-শৃঙ্খলা বাহিনী কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে। 

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমডি) পক্ষ থকে জানানো হয়েছিলো তারা কার্যালয়ে তালা দেননি। বিএনপির লাগানো তালা গেটে লাগানো ছিলো। চাবি কার্যালয়ের সিকিউরিটির কাছে পুলিশ সদস্যরা রেখে এসেছেন।  

আগের বারের মতোন আইন-শৃঙ্খলা বাহিনী কার্যালয়ের সিকিউরিটির কাছে রেখেছেন কি না জানতে চাইলে টিপু বলেন, ‘কার্যালয় আইন-শৃঙ্খলা বাহিনীর দখলে। কার্যালয়ে তালা লাগিয়েছেন তারা। চাবি পাবো কোথায়? আর সিকিউরিটির সদস্যরা নিজেরাই গ্রেপ্তার এড়াতে কার্যালয়ে যান না।’

বিজয় র‌্যালিতে অংশ নিতে কার্যালয়ের সামনে এসেছিলেন বিএনপির অফিস স্টাফরা। তারা কার্যালয়ে ঢুকতে না পেরে কার্যালয়ের সামনে দাড়িয়ে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন। 

কার্যালয়ের স্টাফ আব্দুল গাফফার দেশ রূপান্তরকে বলেন, ‘৪৮দিন পর কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য কার্যালয়ের সামনে গিয়েছিলাম আমরা। আমরা যারা কার্যালয়ের স্টাফ তারা কার্যালয়ে ঢুকতে চেয়েছিলাম। কিন্তু কার্যালয়ে যে তালা লাগানো রয়েছে তার চাবি না থাকায় কার্যালয়ে ঢুকতে পারিনি। তাই আমরা স্টাফরা মিলে কার্যালয়ের সামনে দাড়িয়ে ছবি তুলেছি। ফেসবুকে শেয়ার করেছি।’ 

তিনি বলেন, ‘বিজয় র‌্যালিতে অংশ নিতে যে নেতাকর্মীরা এসেছিলেন তারাও কেউ কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। পরে র‌্যালিতে অংশ নিয়ে আবার ফিরে গেছেন।’