বিশ্বের মধ্যে সেরা ৫০ এশিয়ান তারকার তালিকার শীর্ষে রয়েছেন শাহরুখ খান। আর এই সাফল্যের সঙ্গে সঙ্গেই কিং খানের খ্যাতির মুকুটে যোগ হয়ে গেল নতুন পালক। বাদশার পরেই আছেন আলিয়া ভাট এবং প্রিয়াঙ্কা চোপড়া। দ্বিতীয় নম্বরে রণবীর পত্নী, তৃতীয়তে দেশি গার্ল।
ইউকের সাপ্তাহিক পত্রিকা ইস্টার্ন আইয়ের পক্ষ থেকে শুক্রবার, ১৫ ডিসেম্বর প্রকাশ্যে আনা হয়েছে এশিয়ার সেরা ৫০ তারকার তালিকা। এই তালিকায় আছেন রণবীর কাপুর, দিলজিত দোসাঁঝের মতো তারকারাও। তবে প্রথম স্থানে আছেন শাহরুখ খান। তারপরই দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন আলিয়া ভাট এবং প্রিয়াঙ্কা চোপড়া।
শাহরুখের বিষয়ে এখানে বলা হয়েছে তিনিই একমাত্র এই যুগের ব্যক্তি যিনি এক বছরে তিনটি ব্লকবাস্টার হিট দিতে চলেছেন। তার হাত ধরেই বহু সংখ্যক মানুষ আবার সিনেমা হলে ফিরেছেন। তিনিই বুঝিয়েছেন বলিউড কী কী করে দেখাতে পারে। এই তালিকা মূলত অভিনেতাদের কাজ, তাদের কন্ট্রিবিউশন দেখে বানানো হয়। এমনকি দর্শকদের মতামতও নেওয়া হয়।
আলিয়া ভাট আছেন দ্বিতীয় তালিকায়। অভিনেত্রী এই বছরই হলিউডে পা রেখেছেন হার্ট অব দ্য স্টোন সিরিজের মাধ্যমে। প্রিয়াঙ্কা চোপড়া আছেন এই তালিকার তৃতীয় নম্বরে। তার ভক্ত যে কেবল দেশে ছড়িয়ে আছে এমনটা নয়। বিদেশেও তাঁর বহু ভক্ত রয়েছে। তাছাড়া তিনি হলিউডেও একাধিক কাজ করেছেন। চতুর্থ স্থানে আছেন দিলজিত দোসাঁঝ। ষষ্ঠ স্থানে আছেন রণবীর কাপুর।
আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খানের নতুন ছবি ‘ডানকি’। এটি বলিউড বাদশাহের এই বছরের তৃতীয় ছবি হতে চলেছে। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে কিং খানের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে। এছাড়াও রয়েছেন বোমান ইরানি, ভিকি কৌশল প্রমুখ।