ইস্ট লন্ডনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড করেছে বাংলাদেশ নারী দল। টপ অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় ৩ উইকেটে ২৫০ রান করেন বাংলাদেশের নারীরা। এর আগে পাকিস্তানের বিপক্ষে হ্যামিল্টনে ৭ উইকেটে ২৩৪ রান ছিল বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। একটুর জন্য সেঞ্চুরিবঞ্চিত হলেও দুইয়ে নামা মুরশিদা খাতুনের ক্যারিয়ারসেরা ৯১ রানের অপরাজিত ইনিংসে এ বড় পুঁজি পায় বাংলাদেশ। বাংলাদেশের নারী ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ এটি।
এদিন টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৬৬ রান তোলেন শামিমা সুলতানা ও ফারজানা হক। ৫ চারে ৪৮ বলে ৩৪ রান করে শামিমা আউট হলে ভাঙে সেই জুটি। দ্বিতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়ার পর আউট হন আরেক ওপেনার ফারজানা হক। ৭৬ বলে ৩৫ রান করেন তিনি।
তৃতীয় উইকেটে অধিনায়ক জ্যোতিকে নিয়ে ৮০ রানের জুটি গড়েন মুরশিদা। ৫ চারে ৪৮ বলে ৩৮ রান করে জ্যোতি ফিরলেও ফিফটি করে এগোতে থাকেন মুরশিদা। ৬০ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ১০০ বলে ৯১ রানে অপরাজিত থাকেন। ইনিংসে ১২টি চার মারেন বাঁহাতি এ ব্যাটার।
চতুর্থ উইকেটে ৫৯ রানের জুটি গড়ে আরেক প্রান্তে ২৭ রানে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। প্রোটিয়া দলে অভিষেকের দিন একটি উইকেট পান এলিজ-মেরি মার্ক্স।