মনে কষ্ট নিয়ে নির্বাচনে যাব: ইনু

১৪ দলীয় জোটের শরিকদের জন্য আসন বৃদ্ধির অনুরোধ জানিয়ে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

তিনি দেশ রূপান্তরকে বলেন, আসন্ন নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে নেতিবাচক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। জোটের নেতারা আমাদের জোটের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছি। এখন পর্যন্ত সাক্ষাতের কোনো সময় পাইনি। যদি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাই তাহলে জোটের জন্য আরও কিছু আসন চাইব, আর যদি সাক্ষাতের সুযোগ না পাই তাহলে মনে কষ্ট নিয়ে নির্বাচনে অংশ নেব।

তিনি বলেন, ১৪ দলীয় জোট একদিনে কিংবা হঠাৎ করে তৈরি হয়নি। নানা ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে আমাদের এই জোট তৈরি হয়েছে ও টিকে আছে। এটা আদর্শিক জোট। বিএনপি-জামায়াতের জ্বালাও পোড়াও মোকাবিলা কিংবা ২০১৪ সালের ভোট বর্জনের সময়ও কিন্ত আমরা আওয়ামী লীগের পাশে ছিলাম। আমাদের রাজনৈতিক ঐক্যের ফলেই ৩ মেয়াদে সরকার গঠন হয়েছে। ফলে আমরা আরও কিছু আসন ও গুরুত্ব আশা করি।