বাড়ির সীমানা নিয়ে মারামারিতে বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মারামারির সময় ওমর আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার উচাখিলা ইউনিয়নের হাসের আলগী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওমর আলী ওই এলাকার মৃত কলম শেখের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার উচাখিলার হাসের আলগী মধ্যপাড়া গ্রামের ওমর আলীর সঙ্গে প্রতিবেশী গিয়াস উদ্দিনের ছেলে মো. সিরাজুল ইসলামের জমিজমা ও বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। শনিবার সকালে বাড়ির সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাগ্্বিত-া হয়। পরে মারামারি শুরু হলে একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন ওমর আলী। পরে পরিবার ও স্থানীয়রা দেখেন ওমর আলীর মৃত্যু হয়েছে। ওমর আলীর পরিবারের দাবি, তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. ফরিদ আহমেদ বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’