পতাকা অবমাননার প্রতিবাদ দুই তহশিলদারকে মারধর

লক্ষ্মীপুরে বিজয় দিবসে জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদ করায় হোটেল শ্রমিকদের মারধরের শিকার হয়েছেন দুই ভূমি কর্মকর্তা। গতকাল শনিবার সকল ৮টার দিকে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকার মোহাম্মদিয়া হোটেলে এ ঘটনা ঘটে। মারধরে জড়িত অভিযোগে হোটেলের ১২ কর্মচারীকে আটক করেছে পুলিশ।মারধরের শিকার দুজন হলেন জেলার রায়পুর উপজেলার চর বংশী ইউনিয়ন পরিষদের উপসহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) ও লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্ছানগর এলাকার বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদের ছেলে আরিফুর রহমান এবং উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের উপসহকারী ভূমি কর্মকর্তা ও প্রয়াত মুক্তিযোদ্ধা সুজায়েতর উল্লার ছেলে মোহাম্মদ ওমর ফারুক। তারা দুজনই সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিজয় দিবসে মোহাম্মদিয়া হোটেল কর্র্তৃপক্ষ বিকৃতভাবে জাতীয় পতাকা উত্তোলন করে। তা দেখে পতাকা অবমাননার প্রতিবাদ করেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ওমর ফারুক। এ নিয়ে হোটেলের ম্যানেজার রাকিবের সঙ্গে তার বাগ্্বিতণ্ডা হয়। একপর্যায়ে ম্যানেজারকে থাপ্পড় দেন ওমর ফারুক। এতে হোটেলটির শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ফারুকের ওপর হামলা চালান। তাকে রক্ষা করতে গিয়ে সঙ্গে থাকা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আরিফুর রহমানও হামলার শিকার হন। পরে এলাকাবাসী দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এদিকে জাতীয় পতাকা অবমাননার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকার লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হোটেলের ১২ কর্মচারীকে আটক করে থানায় নিয়ে যায়। সদর মডেল থানার এসআই অলি উল্লাহ বলেন, ‘যাদের বিরুদ্ধে ভূমি কর্মকর্তাদের মারধরের অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’