৫২ ফুটের ক্যানভাসে শিশুদের স্বপ্ন

গৌরবময় বিজয়ের ৫২ বছর উদযাপন করতে ৫২ ফুট ক্যানভাসে শিশুরা রঙতুলিতে আঁকল ‘স্মার্ট বাংলাদেশ’। বাংলাদেশ শিশু একাডেমির বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে গতকাল এই ব্যতিক্রমী উদযাপন যজ্ঞ হয় শিশু একাডেমি চত্বরে। জাতীয় সংগীতের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার উদ্বোধনের মাধ্যমে শুরু হয় শিশুদের স্বতঃস্ফূর্ত স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আঁকা। অনুষ্ঠানের অপর অংশে ছিল গৌরবময় বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী আবুল বারাক আলভী এবং অভিনেতা আফজাল হোসেন। স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ১৬ ডিসেম্বর হাজার বছরের পরাধীনতা থেকে মুক্ত হয়ে বিজয়ের আনন্দে মেতে ওঠার দিন। আগামী প্রজন্ম জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে বেড়ে উঠবে। 

বিশেষ অতিথির বক্তব্যে বরেণ্য অভিনেতা আফজাল হোসেন বলেন, শিশুরা বেড়ে ওঠার সময় তাদের নানান ধরনের সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত করা উচিত।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিশু একাডেমির শিশুশিল্পীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ড. কেয়া খান, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আক্তার ও দপ্তর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।