সল্টের সেঞ্চুরির পর ব্রুকের মহাপ্রলয়ে জয় ইংলিশদের

শেষ ওভারে প্রয়োজন ২১ রান। লড়াইটাও বাঁচা-মরার। হারলেই সিরিজ ফসকাবে হাত থেকে। এমন বিষম চাপ আর কঠিন সমীকরণের হিসেবে মিলিয়ে ফেলতে পারাটা ‘অতিমানবীয়’। আর সেই কাজটাই করেছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুক। ৪, ৬, ৬, ২, ৬–এর সুবাদেই সেটা মেলালেন তিনি।

শেষ ৪ ওভারে দরকার ৭১ রান। এরপর ৩ ওভারে ৫১, ২ ওভারে ৩১ আর শেষ ওভারে ২১। শেষ ওভারে ২৪ রান নিয়ে ব্রুক যেন কাজটা সারলেন অনায়াসেই। হার্ড হিটার ব্রুক ক্যারিবীয় সাগরপাড়ে মহাপ্রলয় বইয়ে দেওয়ার কিছুক্ষণ আগে ফিলিপ সল্টও দিয়েছেন তাঁর ‘নুনের ছিটা’। ২৮ বছর বয়সী ওপেনার পেয়ে গেছেন টি–টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক।

মাত্র ১২ বলে দুজনের ৪০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জিতল ইংল্যান্ড। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ব্যবধান ২–১–এ নামিয়ে এনে সিরিজে টিকে রইল সফরকারীরা। সিরিজের প্রথম দুই ম্যাচে জিতেছিল স্বাগতিকেরা।

গ্রেনাডায় আজ সিরিজ জিইয়ে রাখার ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ব্যাটিং–স্বর্গে নিকোলাস পুরানের ক্যারিয়ারসেরা ৮২ আর অধিনায়ক রোভম্যান পাওয়েলের পর দলে ফেরা শেরফান রাদারফোর্ডের ক্যামিওতে ৬ উইকেট হারিয়ে ২২২ রানের ইমারত গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড সেটাকেও ১ বল আর ৭ উইকেট অক্ষত রেখে টপকে গেছে সল্টের শতক, বাটলারের অর্ধশতক আর আন্দ্রে রাসেলের করা শেষ ওভারে ব্রুকের সেই তাণ্ডবে।