সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রের রক্ত দূষিত করছে’। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার (১৬ ডিসেম্বর) নিউ হ্যাম্পশায়ারে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প এই মন্তব্য করেন।
প্রতিবেদনে জানা যায়, প্রচারণা সভায় ট্রাম্প বলেন, ‘ওরা (অবৈধ অভিবাসী) আমাদের দেশের রক্ত বিষাক্ত করে তুলছে। দক্ষিণ আমেরিকা ছাড়াও এশিয়া, আফ্রিকা, সারা বিশ্ব থেকে তারা আমাদের দেশে আসছে।’ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের নিষিদ্ধ ও বৈধ অভিবাসনের ওপর বিধি–নিষেধ আরোপ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ট্রাম্প এর আগে গত সেপ্টেম্বরে দ্য ন্যাশনাল পালস নামে একটি ডানপন্থি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ‘রক্ত বিষাক্ত করে তোলা’ শব্দগুলো ব্যবহার করেছিলেন। তার ওই মন্তব্যের তীব্র সমালোচনা করে অ্যান্টি-ডিফেমেশন লীগ। এর নেতা জোনাথন গ্রিনব্ল্যাট ট্রাম্পের মন্তব্যকে ‘বর্ণবাদী, জেনোফোবিক এবং ঘৃণ্য’ বলে অভিহিত করেছিলেন।
গত অক্টোবরে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র স্টিভেন চেউং সাবেক এ প্রেসিডেন্টের ‘উদ্ভট’ ভাষার সমালোচনা উড়িয়ে দেন। তিনি বলেন, বিভিন্ন বই, সংবাদ প্রতিবেদন ও টিভিতে এই ভাষা প্রচলিত। শনিবার ট্রাম্পের এ মন্তব্যের বিষয়ে জানতে চাইলে চেউং এর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি।