নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শোকজের জবাব দিতে আদালতে উপস্থিত হয়েছেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি।
রবিবার সকাল ১১টার দিকে রাজশাহী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু সাঈদের আদালতে উপস্থিত হয়ে লিখিত জবাব দেন মাহি।
এর আগে রাজশাহী-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাইদ স্বাক্ষরিত নোটিশে বলা হয়, প্রতীক বরাদ্দের আগেই মাহিয়া মাহি গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় জনসমাগম করেন এবং জনগণের কাছে ভোট চান, যা নির্বাচন-পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে।
আরও উল্লেখ করা হয়, এমন অবস্থায় কেন নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তা আগামী ১৭ ডিসেম্বর সকাল ১১টার মধ্যে যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাইদের কার্যালয়ে প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাতে মাহি তার ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তায় সাংবাদিকদের জানান, তিনি কোথাও কোনো নির্বাচনী প্রচারণা বা কারও কাছে ভোট চাননি। তিনি দুর্গম চর চরআষাঢ়িয়াদহে গিয়েছিলেন গ্রামবাসীর দোয়া চাইতে ও তাদের সঙ্গে দেখা করতে।
এর আগে হলফনামার তথ্যে ভুল থাকায় গত ৪ ডিসেম্বর মাহিয়া মাহির প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছিলেন রাজশাহী রিটার্নিং কর্মকর্তা। তবে তিনি নির্বাচন কমিশনে আবেদন করে প্রার্থিতা ফিরে পান।