অনূর্ধ্ব- ১৯ এশিয়া কাপ

ফাইনালে বাংলাদেশের পুঁজি ২৮২ রান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালটা চমৎকার এক সেঞ্চুরিতে রাঙালেন আসর জুড়ে ছন্দে থাকা আশিকুর রহমান শিবলি। সঙ্গে মোহাম্মদ রিজওয়ান ও আরিফুল ইসলামের ফিফটিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ।

দুবাইয়ে আজ শিরোপা নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৮২ রান করেছে বাংলাদেশের যুবারা। ইনিংস শুরু করতে নেমে শেষ ওভারে ফিরেছেন শিবলি। ১ ছক্কা ও ১২ চারে ১৪৯ বলে ১২৯ রান করেছেন তিনি। চলতি আসরে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। দুটি ফিফটিও পেয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

তিনে নেমে ১ ছক্কা ও ৪টি চারে ৬০ রান করেছেন রিজওয়ান। ঝড়ো ফিফটি উপহার দিয়েছেন আরিফুল। ৪০ বলে ৬ চারে করেছেন ঠিক ৫০ রান। শেষ দিকে ১১ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলেছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।

ব্যাটিংয়ে নেমে শুরুতে জিশান আলমকে হারায় বাংলাদেশ। এরপর রিজওয়ানকে নিয়ে দলের হাল ধরেন শিবলি। রিজওয়ানের বিদায়ে ভাঙে ১২৫ রানের জুটি। ৭৮ বলে ফিফটি করা শিবলি ধীরে ধীরে বাড়ান রান। আরেক প্রান্তে ঝড় তোলেন আরিফুল।

দায়িত্বশীল ব্যাটিংয়ে শিবলি সেঞ্চুরি স্পর্শ করেন ১২৯ বলে। আসরে এটি শিবলির দ্বিতীয় সেঞ্চুরি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বে ৭১ এবং জাপানের বিপক্ষে অপরাজিত ৫৫ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

৩৯ বলে ফিফটি করে আরিফুল বিদায় নেন পরের বলেই। এতে ভাঙে শিবলির সঙ্গে তার ৮৬ রানের জুটি। আরিফুলের বিদায়ের পর ঝড় তোলেন রাব্বি। শেষ ওভারে শিবলিসহ তিন উইকেট হারায় দল। তবে তাতে কোনো সমস্যা হয়নি। বড় সংগ্রহই দাঁড় করিয়েছে তারা।