ঝড়ে আর্জেন্টিনার ক্লাবের ছাদ ধসে ১৩ জনের মৃত্যু

প্রবল বৃষ্টি ও ঝোড়ো আবহাওয়ায় আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় বাহিয়েন্সে ডেল নর্তে স্পোর্টস ক্লাবের ছাদ ধসে ১৩ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ধ্বংসস্তুপে আটকা পড়েছেন আরও অনেকে। শনিবার স্থানীয় সময় রাত আটটায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাটির উদ্ধারকারীরা আটকে পড়াদের উদ্ধারকাজ চালাচ্ছেন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জ্যাভিয়ার মিলেই এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

শহরটির মিউনিসিপ্যালিটি থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে । আরও বলা হয়, ছাদ ধসে পড়ার ওই সময় সেখানে স্কেটিং প্রতিযোগিতা চলছিল। ঝড় এতো তীব্র ছিল যে সে সময় বাতাসের গতিবেগ বেড়ে হয় ঘন্টায় ১৪০ কিলোমিটার। এ ঘটনার পর বাহিয়া ব্লাঙ্কার মেয়র ফেদেরিকো সুসবিয়েলস বাসিন্দাদের বিচক্ষণতার সঙ্গে চলাফেরা করার জন্য অনুরোধ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ এক পোস্টে দেশটির বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ‘বৈরি আবহাওয়ার প্রভাবে সৃষ্ট বিভ্রাট মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। এ সময় বাসিন্দাদের সতর্কতার সঙ্গে চলাচল এবং বিদ্যুত লাইন বা অন্যান্য ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছি।’ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় যোগাযোগ করার জন্য ৯১১ বা তাদের দেয়া নাম্বারে অতি দ্রুত জানাতে বলা হয়েছে।