পাঁচশ টেস্ট উইকেটের অভিজাত ক্লাবে নাথান লায়ন

ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণটির কিছু বিশেষ মাহাত্ম্য আছে। একটা সময় বোলারদের দাপটে ক্রিজে টিকে থাকাই ছিল ব্যাটসম্যানদের দায়িত্ব। সময়ের সঙ্গে খেলার ধরনে বদল এসেছে। টেস্টেও তাই বাজবল দর্শন দেখা যায়। তবে প্রায় দেড়শ বছর বয়সী টেস্ট ক্রিকেটে আজকের আগ পর্যন্ত মাত্র সাতজন বোলারের শিকারে ছিল ৫০০ উইকেট। অভিজাত এ ক্লাবটির সদস্য সংখ্যা বেড়েছে। পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন ছুঁলেন এ মাইলফলক।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন লায়ন। দ্বিতীয় ইনিংসে নিজের ৭ম ওভারে এসে ফাহিম আশরাফকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৫০০তম উইকেট। আম্পায়ার প্রথমে আউট দেননি, পরে রিভিউ নিয়ে আশরাফকে ফেরান লায়ন। নিজের ১২৩তম টেস্টে এসে এই কীর্তি গড়লেন লায়ন। গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্নের পর তৃতীয় অস্ট্রেলিয়ান বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট ছুঁয়েছেন লায়ন।

২০১১ সালে শ্রীলংকার বিপক্ষে টেস্টে নিজের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন লায়ন। টেস্ট ইতিহাসে সবার প্রথম ৫০০ উইকেটের দেখা পান শ্রীলংকান কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরন, দ্রুততম ৫০০ উইকেট পাওয়া বোলারও তিনি। দ্রুততম ৫০০ উইকেট ছোঁয়ার তালিকায় লায়ন আছেন ৫ নম্বরে। ৫০০ উইকেটের এই তালিকায় আরও আছেন ভারতের স্পিনার অনিল কুম্বলে, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্ন, ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ, ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড।

লায়নের ইতিহাস গড়ার ম্যাচে পাকিস্তানকে ৩৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।