ভারতের মুম্বাইভিত্তিক বহুজাতিক সংস্থা জিন্দল গ্রুপের পরিচালক সজ্জন জিন্দলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক অভিনেত্রী। রবিবার বিষয়টি প্রকাশ্যে এলেও গত বুধবার মুম্বাইয়ের বিকেসি থানায় এ ঘটনায় অভিযোগ দায়ের হয়।
অভিনেত্রীর দাবি, ২০২২ সালের জানুয়ারি মাসে জিন্দল গ্রুপের প্রধান কার্যালয়ের পেন্টহাউসে নিয়ে তাকে ধর্ষণ করেন শিল্পপতি সজ্জন। এ ঘটনায় থানায় অভিযোগ করতে গিয়েছিলেন তিনি। কিন্তু পুলিশ তার কথায় গুরুত্ব দেয়নি। পরে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশেই তার অভিযোগ নিতে বাধ্য হয়েছে পুলিশ।
২০২১ সালে দুবাইয়ে একটি আইপিএল ম্যাচ দেখতে গিয়ে অভিনেত্রীর সঙ্গে সজ্জনের পরিচয়। পরে জয়পুরে সংসদ সদস্য প্রফুল প্যাটেলের ছেলের বিয়েতে তাদের দেখা হয়। এ সময় তাদের মধ্যে ফোন নম্বর বিনিময় হয়। আবার দেখা হয় মুম্বাইয়ে। অভিনেত্রীর ভাইয়ের একটি সম্পত্তি কিনতে আগ্রহ দেখান সজ্জন।
অভিনেত্রীর অভিযোগ, মুম্বাইয়ে দেখা হওয়ার পর থেকে তাকে ‘বেবি’ সম্বোধন করতেন সজ্জন। একান্ত সাক্ষাতে নিজের দাম্পত্য সমস্যার কথা বলতেন। জড়িয়ে ধরতেন। এ নিয়ে বিব্রত হতেন অভিনেত্রী। পরে মেসেজে অভিনেত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন সজ্জন এবং শারীরিকভাবে ঘনিষ্ট হতে চান।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রীকে ধর্ষণের পর শিল্পপতি সজ্জন তাকে হুমকি দেন। বলেন, পুলিশের কাছে গেলে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। যদিও পুলিশ জানিয়েছে, শিল্পপতির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৫৪ ও ৫০৬ ধারায় মামলা হয়েছে। এ বিষয়ে জিন্দল গ্রুপের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।