তেলাপোকা মারতে গিয়ে ঘরে বিস্ফোরণ!

তেলাপোকা বা আরশোলার নাম শুনলেই অনেকের গা ঘিনঘিন করে। এই বুঝি গায়ে উড়ে এসে বসল। বাড়ি থেকে তেলাপোকা তাড়াতে তাই কত কিছুই না করা হয়। আর এর জেরে ঘটে দুর্ঘটনাও। সম্প্রতি তেমনই একটি ঘটনা ঘটেছে জাপানের কুমামতোতে শহরে। মধ্যরাতে নিজের অ্যাপার্টমেন্টে তেলাপোকা মারতে গিয়ে বিস্ফোরণই ঘটালেন শহরটির এক বাসিন্দা। আর এতে উড়ে গেছে তার ঘরের ব্যালকনি। ক্ষতিগ্রস্ত হয়েছে জানালা। এমনকি আহত হয়েছেন ওই ব্যক্তি নিজেও।

এনডিটিভি জানিয়েছে, ওই অ্যাপার্টমেন্টে থাকেন ৫৪ বছর বয়সী ছুও ওয়ার্ড। ঘরে একটি তেলাপোকার উপস্থিতিও মেনে নিতে পারেন না তিনি। সম্প্রতি মধ্যরাতে ঘরে একটি তেলাপোকা দেখতে পান ছুও। এরপর তেলাপোকাটি যেখানে ঘুরছিল সেখানে প্রচুর কীটনাশক স্প্রে করেন। আর এর জেরে ঘটে বিস্ফোরণ।

জাপানের সংবাদমাধ্যম জানিয়েছে, প্রয়োজনের বেশি কীটনাশক স্প্রে করেছিলেন ছুও, যা কোনোভাবে অ্যাপার্টমেন্টের ইলেক্ট্রিক লাইনের সংস্পর্শে আসে। এর জেরেই ঘটে বিস্ফোরণ। এ ঘটনার কথা শুনে অনেক বিশেষজ্ঞই ঘরের বেশ কিছু জায়গায় কীটনাশক প্রয়োগ থেকে বিরত হতে বলেছেন। বিশেষ করে দ্রুত প্রজ্জ্বলনশীল পদার্থ বিস্ফোরণ ঘটিয়ে সমস্যা তৈরি করতে পারে বলে মত দিয়েছেন তারা।

এদিকে ঘটনাটি ১০ ডিসেম্বরের হলেও প্রকাশ্যে আসে আরও কয়েকদিন পর। তেলাপোকা মারতে গিয়ে ছুও যে কাণ্ড ঘটিয়েছেন, তা নিয়ে আলোচনা কম হয়নি সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে তো এক ব্যক্তি ঠাট্টা করে প্রশ্ন ছুড়ে দেন, ঘরে বিস্ফোরণের পর ‘তেলাপোকা কি মারা গেছে?’