চলমান সহিংসতার মধ্যে সড়ক ও রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার থেকে সারা দেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষার প্রায় ১৩ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নির্দেশনা মোতাবেক আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন বাহিনীর গণমাধ্যমের উপ-পরিচালক জাহিদুল ইসলাম।
তিনি বলেন, ১৮ ডিসেম্বর সোমবার সকাল ৬টা থেকে রেল স্টেশন, বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, সরকারি-বেসরকারি গুরুত্তপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থেকে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবে। আর সারা দেশে ১৮৫১টি পয়েন্টে মোট ১৩ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থেকে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
জাহিদুল জানান, সাধারণ আনসার ও ভিডিপি সদস্যরা রেল স্টেশন, বাস স্টান্ড ও লঞ্চঘাট ছাড়াও সড়ক ও রেল পথে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্কভাবে দৃষ্টি রাখবে।
সম্প্রতি হরতাল ও অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচির মধ্যে বাস এবং অন্যান্য যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতা করে হতাহরে ঘটনা ঘটছে। ফায়ার সার্ভিসের তথ্য মতে, ২৮ অক্টোবর থেকে প্রায় ২৮০টি যানবাহনে দূর্বৃত্তরা আগুন দিয়েছে।
এদিকে, ট্রেনগুলোও সহিংসতার লক্ষ্যে পরিণত হয়েছে। গত ১৩ ডিসেম্বর গাজীপুরের ভাওয়াল রেলস্টেশনের কাছে রেল লাইন কাটার কারণে ঢাকাগামী একটি ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ায় একজন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। আর সে কারণে আনসার সারা দেশে মোতায়ানে করা হচ্ছে।