নুরকে আদালতে তলব

বিচারকদের নিয়ে কটুক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের (একাংশের) সভাপতি নুরুল হক নুরকে তলব করেছে হাইকোর্ট। আগামী ১৭ জানুয়ারি তাকে সশরীরে হাজির হয়ে আদালত অবমাননা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আজ রবিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত  হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্বত:প্রণোদিত আদেশে নূরকে তলবসহ তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান দেশ রূপান্তরকে বলেন, নূরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না রুলে তা জানতে চেয়েছে হাইকোর্ট।

তিনি বলেন, 'কিছুদিন আগে বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্যসহ তাদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেন নূর। বিষয়টি সুপ্রিম কোর্ট প্রশাসনের নজরে আসার পর এ বিষয়ে এই আদালতকে অবহিত করা হয়। আদালত নূরকে হাজির হতে তলব করে তার বিরুদ্ধে রুল দিয়েছেন।'

প্রসঙ্গত, বিএনপি ও সমমনাদের ডাকা হরতাল অবরোধের সমর্থণে গত ৭ ডিসেম্বর অবরোধের সমর্থনে ওই দিন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে গণ অধিকার পরিষদ। দুপুরে পুরানা পল্টন বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে গণ অধিকার পরিষদ। এ সময় বিচারকদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করেন নূর। এ নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়।