গোলশূন্য প্রথমার্ধের পর গ্যাব্রিয়েল জেসুস ও কাই হাভার্টজের গোলে ব্রাইটনের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে আর্সেনাল। অন্য ম্যাচে পিছিয়ে পড়েও শেষ সময়ের জোড়া গোলে কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে অ্যাস্টন ভিলা।
ব্রেন্টফোর্ডের মাঠ জিটেক কমিউনিটি স্টেডিয়ামে দুই দলই শুরুর একাদশে চার বদল নিয়ে খেলা শুরু করে। লড়াই চললেও জালের ঠিকানা খুঁজে পাচ্ছিল না কোনো দল। প্রথমার্ধের একদম শেষ মিনিটে কিয়েনে লুইস পটার এগিয়ে দেন স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধে দাপট দেখালেও ম্যাচের পিছিয়ে ছিল অ্যাস্টন ভিলা। ৭১ মিনিটে ডিফেন্ডার বেন মি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ব্রেন্টফোর্ড। সেই সুযোগে আরও চেপে বসে ভিলা। ৭৭ মিনিটে লিওন বেইলি উঁচু করে দেওয়া বল হেড করে গোল দেন ভিলার মিডফিল্ডার অ্যালেক্স মোরেনো। এরপর আরও আগ্রাসী হয়ে সুযোগ খুঁজতে থাকে উনাই এমেরির শিষ্যরা। অবশেষে জয়সূচক গোলটি আসে ম্যাচের ৮৫ মিনিটে। রামসের কর্নার কিক কামারার পা হয়ে ওলি ওয়াটকিন্সের মাথা ছুঁয়ে জায়গা পায় জালে।
এরপর উত্তপ্ত হয়ে ওঠা ম্যাচে ৮টি হলুদ কার্ড দেখান রেফারি। শেষভাগে লাল কার্ড দেখেন কামারা। তবে ব্রেন্টফোর্ড আর ম্যাচে ফিরে আসতে না পারায় জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাস্টন ভিলা। ২০২৩ সালে প্রিমিয়ার লিগে এটি দলটির ২৫তম জয়। দেশটির ইতিহাসে এক বছরে যা সবোর্চ্চ।
এমিরেটস স্টেডিয়ামে ব্রাইটনের বিপক্ষে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও ৫৩ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস। শেষ দিকে কাই হাভার্টজের গোলে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করে মিকেল আর্তেতার শিষ্যরা। ঘরের মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে হারেনি আর্সেনাল। ২০১৮ সালের ডিসেম্বরের পর যা যৌথভাবে সর্বোচ্চ।