বরগুনার আমতলীতে বিজয় দিবসের কনসার্টে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য আওয়ামী লীগ নেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ওসমানি হাসানকে এ জরিমানা করা হয়। গতকাল রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান।
এর আগে বিজয় দিবসের রাত গত শনিবার পৌর মেয়র মতিয়ার রহমান পৌর কার্যালয়ের সামনে আয়োজন করেন ‘মেয়র নাইট’ অনুষ্ঠানের। এতে কনসার্ট ও বক্তৃতামালার আয়োজন ছিল। ওই অনুষ্ঠান সঞ্চালনার একপর্যায়ে জিএম ওসমানি হাসান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বরগুনা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা চালান।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আবু জাহের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এরপর আয়োজকরা বন্ধ করে দেন কনসার্টটি।
সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আবু জাহের বলেন, সময়ের আগেই নির্বাচনী প্রচারণা চালানোয় জিএম ওসমানি হাসানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে নৌকার আগাম ভোট চাওয়ায় হোমনা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এক প্রার্থীর পক্ষে ভোট চান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা। এতে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান।